ভারতে মুসলমানরা সবচে শোচনীয় জীবনযাপন করছে

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২৩:১৮
ভারত সরকারের একটি জরিপে বলা হয়েছে, দেশটিতে মুসলমানরা সবচে শোচনীয় জীবনযাপন করে থাকেন। পল্লী এলাকায় জীবনযাত্রায় তাদের মাসিক মাথাপিছু ব্যয় মাত্র ৮৩৩ রুপি। দ্বিতীয় অবস্থানে আছে হিন্দুরা। এদের মাসিক মাথাপিছু ব্যয় ৮৮৮ রুপি। অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছেন খ্রীষ্টান এবং শিখরা। তাদের মাথাপিছু মাসিক ব্যয় যথাক্রমে ১ হাজার ২৯৬ এবং ১ হাজার ৪৯৮ রুপি। খবর পিটিআইয়ের। সরকারি জরিপের তথ্য, প্রতি মুসলিম অধিবাসীর জীবনযাত্রায় দৈনিক গড় ব্যয় মাত্র ৩২ দশমিক ৬৬ রুপি। শিখ অধিবাসীদের ক্ষেত্রে এই অঙ্ক দৈনিক ৫৫ দশমিক ৩০ রুপি। হিন্দুদের ক্ষেত্রে তা ৩৭ দশমিক ৫০ রুপি এবং খ্রীষ্টানদের ক্ষেত্রে ৫১ দশমিক ৪৩ রুপি। জরিপের তথ্য অনুযায়ী, শহরেও মুসলমানদের জীবনযাত্রার মান সবচে কম। এর পরের অবস্থানে হিন্দুরা। শহরে সবচে উন্নত জীবনযাপন করে শিখ সম্প্রদায়ের মানুষ। শহরে জীবনযাত্রার উচ্চ মানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকেরা।