গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের দেশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতে নাম রিফাত হাসান (১৬)। সে যশোরের অভয়নগর থানার বাগদহ এলাকার রেজাউল ইসলামের ছেলে। রিফাত গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণির ছাত্র।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত দাস জানান, রিফাত গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী মধ্যপাড়া এলাকার আবুল হোসেনের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রিফাত দেশীপাড়া এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এসময় উত্তরবঙ্গগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে রিফাত ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
