ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে অবৈধ দখলদারদের সরকারি নোটিশ দিতে গিয়ে উপজেলা ভূমি অফিসের একজন চেইনম্যান লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ মে) বিকালে ৫টার দিকে কয়েকজন অবৈধ দখলদারের হাতে নুরুল হুদা লাঞ্ছিত হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে চেইনম্যান নুরুল হুদা নেকমরদ বাজারে অবৈধ জায়গা দখলদারদেরকে নোটিশ বিলি করতে যান। মো. মানিকের ডিস ক্যাবল নোটওয়ার্কের দোকানে নোটিশ দিতে গেলে মানিকসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে নুরুলের উপর চড়াও হয়।
হামলাকারীরা নুরুলের হাত থেকে নোটিশ বই কেড়ে নেয় এবং বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় তারা নুরুলকে ওই দোকানে আটকে রাখে। পরে ইউনিয়ন অফিস সহায়করা তাক উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বুধবার নুরুল থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মনপুরায় দুই ট্রলার ছোট পাঙ্গাশ মাছ জব্দ
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা বলেন, নেকমরদ বাজারের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/অনি
