ওবামা-মনমোহন বৈঠক সেপ্টেম্বরে

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৪৪
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আগামী ২৭ সেপ্টেম্বর হোয়াইট হাউসে স্বাগত জানাবেন। এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের মধ্যে বৈঠকের পর মঙ্গলবার কর্মকর্তারা এ সময়সূচি নির্ধারণ করেন। ওবামা তার প্রথম মেয়াদে ২০১০ সালে উদীয়মান এশিয়ার সঙ্গে মার্কিন কূটনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার প্রশাসনিক কৌশলের অংশ হিসেবে ভারত সফর করেন। মনমোহন ওবামার ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই ২০০৯ সালে এক রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন যান। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রী সেইটলিন হেইডেন বলেন, মেনন ও রাইসের মধ্যে বেসামরিক ও পরমাণু সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ, বাণিজ্য ও আফগানিস্তানের বিষয়ে আলোচনা হয়।