বঙ্গবন্ধু সাফারি পার্কে দু’ডজন দুর্লভ প্রাণী

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৪৯
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে এখন দুই ডজন দুর্লভ প্রাণী। ২০১১ সালের ২রা ফেব্রুয়ারি গাজীপুর জেলা সদরের বাঘেরবাজার থেকে খানিকটা পশ্চিম দিকে ৩ কিলোমিটার দূরে নির্মিত এই পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল গত ৩১ জুলাই। পার্কটি চালু হলে এখানে উন্মুক্ত পরিবেশে দেখা যাবে বাঘ, সিংহ, গন্ডার ও জিরাফসহ নানা প্রাণী। অনেকটা থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড ও মালয়েশিয়ার জু-নিগারার মতো। জানা গেছে- প্রায় ৫ কোটি টাকা মূল্যের এই সব দুর্লভ প্রাণী দক্ষিণ আফ্রিকার বিভিন্ন খামার ও মাপনিয়ান সাফারি পার্ক থেকে দরপত্রের মাধ্যমে কেনা হয়। পরে এদের ছেড়ে দেওয়া হয় প্রায় চার হাজার একর আয়তনের এই সাফারি পার্কে। সর্বশেষ গত ১০ জুলাই আনা হয় দু’টি জিরাফ ও চারটি জেব্রা। এছাড়া গত ১৪ মে এই পার্কে আনা হয় চারটি ব্লু-ওয়াইন্ডি বিস্ট, পাঁচটি ওয়াইন্ডি বিস্ট। তাছাড়া গত ১০ এপ্রিল এই পার্কে আনা হয় ছয়টি বাঘ ও আটটি সিংহ। এর আগে গত ১০ মার্চ মাসে চারটি হাতি, তিনটি মিঠা পানির ও সাতটি লোনা পানির কুমিরও ছাড়া হয় সাফারি পার্কে। এ সম্পর্কে বন সংরক্ষক ড. তপন কুমার দে ইত্তেফাকের এই প্রতিনিধিকে জানান, বঙ্গবন্ধু সাফারি পার্কটি হবে দক্ষিণ এশিয়ার গর্ব। পার্কের অভ্যন্তরে প্রবেশে টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। এই পার্কে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা ও গন্ডারকে বনবিভাগের গাড়ীতে চড়ে দেখা যাবে।