গাজীপুর জেলা শহরের প্রবেশমুখে রেলক্রসিং-এ ওভারব্রিজ এবং শহরে প্রবেশের জন্য কোন বিকল্প রাস্তা বা বাইপাস না থাকায় শহরে বসবাসকারী নাগরিক, বিভিন্ন কাজে জেলা সদরে যাতায়াতকারী জনগণসহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা শহরের প্রাণকেন্দে জয়দেবপুর রেলস্টেশন থেকে যমুনা সেতু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গে ট্রেন চলাচল করায় প্রতিনিয়ত জয়দেবপুরে বিভিন্ন যানবাহন ও লোক চলাচল বৃদ্ধি পেয়েছে। ফলে দীর্ঘদিনে শহরে ওভারব্রিজ বা বাইপাস রাস্তা নির্মিত না হওয়ায় এলাকাবাসী ছাড়াও চলাচলকারী মানুষজনকে দিনের বেশিরভাগ সময় ঘন্টার পর ঘন্টা বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এ জেলাতেই। এ ছাড়া জেলায় কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ প্রচুর শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। দিনদিন গাজীপুর জেলার গুরুত্ব বেড়েই চলেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গাজীপুর জেলা শহরে প্রবেশের প্রধান এবং একমাত্র সড়কটি হচ্ছে শিববাড়ী-জয়দেবপুর বাজার-রাজবাড়ী সড়ক। সড়কটির প্রবেশ পথেই রয়েছে রেলক্রসিং। এই সড়কটি দিনের প্রথমভাগ থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত এ সড়কটি লোকজন ও যানবাহনে প্রায় ঠাসা থাকে। তবে অফিস সময়ে বিশেষ করে সকালে ও বিকালে লোকজন ও যানবাহনের ভিড় প্রকট আকার ধারণ করে। জেলা শহরটি বর্তমানে রিক্সার শহরে পরিণত হয়েছে। রিক্সা ও যানবাহনের ভিড়ে পায়ে হেঁটে রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েদের হেঁটে স্কুলে যাওয়া দুষ্কর। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে পায়ে হেঁটে চলার জন্য কোন ফুটপাত নেই। সরকার একটি ফুট ওভারপাস ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা এখন পর্যন্ত কার্যকর করার কোন উদ্যোগ নেওয়া হয়নি।
গাজীপুরবাসীর সীমাহীন এ দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরীভূত থাকা সত্ত্বেও সমাধান হচ্ছে না। অবিলম্বে রেলক্রসিং-এ একটি ওভারব্রীজ নির্মাণ, জেলা পরিষদ-মাধববাড়ী হয়ে একটি বিকল্প বা বাইপাস সড়ক নির্মাণ করা অত্যাবশ্যক বলে এলাকাবাসীর অভিমত।
