গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অভাবে এবং সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় শিশু-কিশোরদের সুস্থ বিকাশ হচ্ছে না আর যুব সমাজ বিপথগামী হচ্ছে।জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় সাড়ে ৪ লাখ লোকের বাস। এখানে ১৪০টি সরকারি ও ৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৬টি কিন্ডারগার্টেন রয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত মাঠ বা ফাঁকা জায়গা বা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। ফলে ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা ও মননশীল বিকাশের জন্য খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক অনুশীলনের কোন ব্যবস্থা নেই। অধিকাংশ বিদ্যালয়ে শরীর চর্চা/সাংস্কৃতিক বিষয়ক কোন শিক্ষক নেই। উপজেলার শিশুদের মানসিক বিকাশের জন্য শিশু একাডেমীর কোন তত্পরতা এখানে নেই। এমনকি উপজেলায় কোন শিশু পার্ক নেই।
অপরদিকে উপজেলায় ৭৬টি উচ্চ বিদ্যালয়, ৬৫টি মাদ্রাসা ও ৯টি কলেজ রয়েছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানে কিশোর ও যুবকদের কোন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড নেই।
