রাজধানী ঢাকার প্রবেশদ্বার বলে খ্যাত গাজীপুরের চান্দনা চৌরাস্তা বর্তমানে অন্যতম ব্যস্ত ট্রাফিক পয়েন্টে পরিণত হয়েছে। এ ট্রাফিক পয়েন্টে কোন ফুট ওভারব্রিজ না থাকায় এখানে যেমন দিনে-রাতে প্রতিনিয়ত তীব্র যানজট দেখা দিচ্ছে তেমনি পথচারী ও যাত্রীদেরও অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। তাই এ গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে অবিলম্বে একটি ফুট ওভারব্রিজ নির্মাণসহ এলাকার সার্বিক ব্যবস্থাপনা আরো উন্নত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
রাজধানী ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দেশের অন্যতম ব্যস্ত একটি ট্রাফিক পয়েন্ট। এ ট্রাফিক পয়েন্ট দিয়ে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরের অন্তত ৪৩টি রুটের শত শত বাস-মিনিবাসসহ অন্যান্য যানবাহন চলাচল করে থাকে। ফলে এ ট্রাফিক পয়েন্টটি দিন-রাত প্রায় সব সময় বিভিন্ন যানবাহনের অসম্ভব ভিড় লেগে থাকে । বিশেষ করে দিনের বেলা ও সন্ধ্যার দিকে এ পয়েন্টে যানবাহনের ভিড় প্রকট আকার ধারণ করে। একমাত্র মধ্যরাত ছাড়া সর্বক্ষণ লোকজনের ভিড়ে এলাকাটি গম গম করতে থাকে। এলাকার অর্ধকিলোমিটারের মধ্যে ভাওয়াল সরকারি কলেজসহ কয়েকটি বেসরকারি কলেজ, চান্দনা-চৌরাস্তা গোলচক্কর সংলগ্ন চান্দনা উচ্চ বিদ্যালয়সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। চান্দনা চৌরাস্তার পশ্চিমাংশে দেশের অন্যতম বৃহত্ পাইকারি কাঁচা বাজার ছাড়াও এর আশেপাশে অসংখ্য রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরিসহ অনেক শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। সব মিলিয়ে এলাকায় কয়েক লাখ লোকের বসবাস।
লোকজনের ভিড়ে ঠাসা এ এলাকায় কোন ফুট ওভারব্রিজ না থাকায় পথচারি ও লোকজনদের অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। এছাড়া তীব্র যানজটের কারণে এ পয়েন্ট দিয়ে চলাচল করতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদেরও দুর্বিসহ ভোগান্তির সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, এলাকার ফুটপাতগুলোও বর্তমানে ভাসমান হকারদের দখলে চলে গেছে। মাঝে মাঝে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হলেও দোকানদাররা আবার সংশ্লিষ্টদের ম্যানেজ করে অবৈধভাবে ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালাতে থাকে। এদিকে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে অবৈধ পার্কিংয়ের কারণে এবং মহাসড়কের উপর অস্থায়ী বাজার বসার ফলে মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। গোলচক্করের উত্তর পার্শ্বে মহাসড়কের উপর দূরপাল্লার বাসগুলো এলোপাতাড়িভাবে থামিয়ে যাত্রী উঠানো-নামানোর কারণে এটি অস্থায়ী বাস টার্মিনালে পরিণত হয়েছে। পুরো চান্দনা চৌরাস্তার ড্রেনেজ ব্যবস্থাও বর্তমানে ভেঙ্গে পড়েছে। ফলে এখানে জলাবদ্ধতা সৃষ্টিসহ এলাকাটি নর্দমায় পরিণত হতে চলেছে। এছাড়া আশেপাশে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে স্যুয়ারেজ লাইনগুলো রাস্তার ড্রেনের সংঙ্গে সংযোগ করে দেওয়ায় ড্রেনগুলো উপচিয়ে ময়লা রাস্তার উপর পড়ে রাস্তা সয়লাব হয়ে পড়েছে। এতে এলাকাটি নোংরা দুর্গন্ধময় এলাকায় পরিণত হয়েছে। সব মিলিয়ে ব্যস্ততম এ এলাকটি বর্তমানে চরম অব্যবস্থাপনায় শিকার হয়ে পড়েছে। তাই ব্যস্ততম এই এলাকাটির সার্বিক ব্যবস্থাপনা উন্নত করাসহ এখানে পরিকল্পনা অনুযায়ী ফুট ওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে গাজীপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনোয়ারউজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন কাজের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উক্ত প্রকল্পে চান্দনা চৌরাস্তায় একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
