প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের অভাবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাট-বাজারগুলোর শোচনীয় অবস্থা। সুষ্ঠু পয়ঃনিষ্কাশন, গণশৌচাগার, ময়লা-আর্বজনা ফেলার স্থান, স্বাস্থ্যসম্মত কসাইখানা এবং পানীয় জলের সুব্যবস্থা না থাকায় হাট-বাজারগুলোর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থা। উপজেলা সদরের চৌদ্দগ্রাম বাজার, চিওড়া, ধোড়করা, কনকাপৈত, বাতিসা, ধনুসাড়া, পদুয়া, তারাশাইল, মুন্সিরহাট, কাদৈর, চৌমুহনী, নালঘর, ধনুসাড়া, আলকরা, হাড়িসর্দার, কাশিনগর, দরবেশ মার্কেট, মিয়াবাজার, চৌধুরী বাজার ও গুণবতী বাজারসহ প্রায় প্রতিটি হাট-বাজার নানা সমস্যায় জর্জরিত। সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি ও কাদায় একাকার হয়ে ময়লা-আবর্জনায় দাঁড়িয়ে ক্রেতা সাধারণের বাজার করার পরিবেশ থাকে না। ব্যবসায়ীরা ও তাদের তরি-তরকারী নিয়ে কাদার জন্য বসতে পারে না। সরেজমিন দেখা যায়, বাজারগুলোতে অপরিকল্পিতভাবে দোকানপাট তৈরি করায় হাট-বাজারগুলোর অবস্থা শোচনীয়। কোন কোন বাজারে পর্যাপ্ত ড্রেন থাকলেও পরিষ্কারের ব্যবস্থা নেই। অধিকাংশ বাজারে নির্ধারিত জবাইখানা না থাকায় যত্রতত্র গরু, ছাগল, মহিষ জবাই করায় পশুর রক্ত ও বর্জ্যের দুর্গন্ধে হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের টিকে থাকা দায়। বেশিরভাগ বাজারে স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নেই। ফলে জনসাধারণকে যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে দেখা যায়। বাজারগুলোতে পরিচালনা ও উন্নয়নের জন্য অনুমোদিত বাজার কমিটি থাকলেও তারা এ বিষয়ে কোন ভূমিকা রাখছে না। হাট-বাজারে আগত জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
