কাফনের কাপড় পরে ছাত্রদলের মিছিল

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১৬
ছাত্রদল মহানগর কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল করেছে পদবঞ্চিতরা। মঙ্গলবার বিকালে তুমুল বৃষ্টির মধ্যে নগরীর আগ্রাবাদ এলাকায় এ মিছিল বের করে ডবলমুরিং থানা ছাত্রদল। মিছিলটি আগ্রাবাদ থেকে শুরু হয়ে বাদামতলী মোড় হয়ে চৌমুহনী, ধনিয়ালা পাড়া হয়ে পাঠানটুলী ওয়ার্ড কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তারা বলেন, ভূমিদস্যু, জায়গা দখলকারী, চাঁদাবাজদের দিয়ে গঠিত মহানগর ছাত্রদলের পকেট কমিটি বাতিল করতে হবে। এই কমিটির পৃষ্ঠপোষক নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত ওয়ান ইলেভেনের সময় দলের রক্ষাকারী হিসেবে নিজেকে দাবি করলেও ১৯৯৬ সালে বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় তিনি ভারতে পালিয়ে যান। এখনও তার সাথে যারা রয়েছেন তারা কেউ ওয়ান ইলেভেনের দুঃসময়ে দেশে ছিলেন না। ডবলমুরিং থানা ছাত্রদল নেতা রবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নুরুদ্দিন সোহেল, দেলোয়ার হোসেন সোহাগ, আখতার হোসেন, মোহাম্মদ সোহেল হোসেন, বজল আহম্মদ, জিয়ার রহমান জিয়া, রাজিবুল হাসান রানা প্রমুখ।