রাণীশংকৈল যুবলীগের কাউন্সিল হয়নি ৯ বছর

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১৮
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবলীগ বর্তমানে নেতৃত্বশূন্য ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। গত ২৪ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হবার পর প্রায় ৭ মাস ধরে এ অবস্থা চলছে। প্রায় ৯ বছর ধরে যুবলীগের কাউন্সিল না হওয়া এবং যুবলীগ সভাপতি আবু শাহীন, সহ-সভাপতি মামুনুর রশিদ এলবার্ট ও সাধারণ সম্পাদক আলমগীর সরকার বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় মূলত এ অবস্থার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২৪ জানুয়ারি আওয়ামী লীগ কাউন্সিলে মামুনুর রশিদ এলবার্ট ও আলমগীর সরকার দু’জনেই পদত্যাগ করে আওয়ামী লীগ সম্পাদক পদপ্রার্থী হন এবং যথাক্রমে ৬৭ ও ৬৩ ভোট পেয়ে হেরে যান। এ ব্যাপারে আলমগীর ও এলবার্ট বলেন, আমাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, ওই নির্বাচনে জিতলে পদত্যাগ কার্যকর হতো। উল্লেখ্য, বিগত বছরগুলোতে যুবলীগ একত্রে তাদের কার্যক্রম পরিচালনা করলেও, গত আওয়ামী লীগ কাউন্সিলে পদপ্রার্থিতাকে কেন্দ্র করে যুবলীগ এলবার্ট ও আলমগীরের নেতৃত্বে দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এ ব্যাপারে আলমগীর সরকার বলেন, যথাসম্ভব শিগগিরই আমরা কাউন্সিল এবং কমিটি গঠন করবো। আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সইদুল হক বলেন, এ ব্যাপারে আমরা জেলা আওয়ামী লীগ থেকে একটি চিঠি পেয়েছি। আগামি সেপ্টেম্বরের মধ্যে যুবলীগের কাউন্সিল করা হবে।