সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:২১
গাইবান্ধার একটি বেসরকারি ক্লিনিক সিলগালা গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুরে একটি বেসরকারি ক্লিনিক গত মঙ্গলবার সিলগালা করে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা এ জরিমানা আদায় করেন। সাদুল্লাপুর উপজেলা সদরের গার্লস কলেজ রোডের সাদুল্লাপুর ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, তাদের কোন ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া নেই। একজন হাইড্রোসিলের অপারেশন করা রোগীর ক্ষতস্থান পরিচর্যা করছেন অদক্ষ এক কর্মচারী। এছাড়া তাদের কোন সরকারি অনুমোদনও নেই। দামুড়হুদায় সাপের কামড়ে যুবকের মৃত্যু দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে মাসুম রেজা (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, সে প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ভোর সাড়ে চারটার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। এরপর সকালে মেহেরপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সৈয়দপুরে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গোলাপী আক্তার (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়ায় ঘটনাটি ঘটেছে। এক সন্তানের জননী গোলাপী আক্তার টেলিভিশন দেখার উদ্দেশ্যে নিজের ঘরের ডিশ লাইনের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পানপট্টি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপা উপজেলার পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খানের বিরুদ্ধে গত মঙ্গলবার পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলামের আদালতে এ মামলা দু’টি দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা দায়ের করেন ঐ ইউনিয়নের ইউপি সদস্য মো. দুদা হাওলাদার। তিনি তার অভিযোগে টিআর, কাবিখা, হতদরিদ্রদের ৪০দিনের কর্মসূচিসহ বিভিন্ন প্রকল্পের ৬০ লাখ ২৭ হাজার ৩শ’ টাকা আত্মসাতের অভিযোগ করেন। করিমগঞ্জে সরকারি হলো ৩৪টি প্রাথমিক বিদ্যালয় করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ করিমগঞ্জ উপজেলার ৩৪টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ ছাড়া ৮টি বিদ্যালয় সরকারিকরণের প্রক্রিয়াধীন রয়েছে। ১৯৭৪ সাল হতে পরবর্তী সময়ে এ বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছিল। সরকারিকরণের সময় হতে উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষক সরকারের সকল সুযোগ-সুবিধা পাবেন। বিদ্যালয়গুলোতে নতুন পরিচালনা কমিটি গঠনসহ প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার পদ সৃষ্টি করা হবে এবং বাকি ৮টি বিদ্যালয় গ্যাজেট প্রকাশের পর উপরিউক্ত সুবিধা ভোগ করবে। লামায় ইন্টার্যাকটিভ পপুলার থিয়েটারের প্রদর্শনী লামা (বান্দরবান) সংবাদদাতা \ উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হূদয় মাষ্টার পাড়া অগ্রপথিক কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ইন্টার্যাকটিভ পপুলার থিয়েটার “আর ভুল করব না” প্রদর্শিত হয়েছে। বান্দরবানের গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস) ইউনিসেফের অর্থায়নে কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে এ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহী নেওয়াজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, ৬নং রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মার্মা প্রমুখ। মেহেরপুরে শিক্ষণ-শিখন পদ্ধতি বিষয়ক ওরিয়েন্টেশন মেহেরপুর প্রতিনিধি \ গত মঙ্গলবার আমঝুপি মউকের নিজস্ব হলরুমে আনন্দদায়ক ও কর্মকেন্দ্রিক শিক্ষণ-শিখন পদ্ধতি বিষয়ক ২দিনব্যাপী এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মানব উন্নয়ন কেন্দ্র মউক-এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, গণসাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক মোঃ জামিল মুস্তাক প্রমুখ। রামুতে সরকারি প্রাইমারি স্কুল কর্মচারী সমিতি গঠিত রামু (কক্সবাজার) সংবাদদাতা \ রামু উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির কমিটি গঠিত হয়েছে। রামু মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন, ফারুক আহমদ। দুই বছর মেয়াদের জন্য এ কমিটিতে রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জসিম উদ্দিন সভাপতি, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. রিফাত শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আদিতমারীতে ব্র্যাকের অনুদান বিতরণ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় লালমনিরহাটের আদিতমারীতে কৃষকদের মাঝে ব্র্যাকের অনুদান বিতরণ করা হয়েছে। গত সোমবার এক লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। লালমনিরহাট কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে এসব অনুদান বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ইউএনও রেজাউল আলম সরকার। বাঞ্ছারামপুরে প্রশংসাপত্রের নামে টাকা আদায় বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পাস করা ছাত্র-ছাত্রীদের নিকট থেকে প্রশংসাপত্রের নামে প্রত্যেকের নিকট থেকে ৪শ’ টাকা আদায় করছে বলে জানা গেছে। এ ব্যাপারে বীথি আক্তারের পিতা আবদুল বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন । স্কুলের প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ করলে তিনি জানান- স্কুলের উন্নয়নের জন্য টাকা নেয়া হচ্ছে, তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন বলেন, এভাবে প্রশংসাপত্রের নামে টাকা আদায় করা যুক্তিসঙ্গত নয়। বিরামপুরে আশার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ আশা-দিনাজপুর(বিরামপুর) জেলার বিরামপুর-১ ব্রাঞ্চের আওতায় দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ লক্ষ্যে গত মঙ্গলবার বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামে ‘গোলাপ’ ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে “ডায়রিয়া ও পানিবাহিত রোগ এবং এর প্রতিরোধের উপায়” বিষয়ের উপর বক্তব্য রাখেন দিনাজপুর(বিরামপুর) জেলা ব্যবস্থাপক আহসান হাবিব, আঞ্চলিক ব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বর্মণ, বিরামপুর-১ শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট শাখার ঋণ কর্মকর্তা মোছাঃ নাজনীন আখতার। মহেশখালীতে বেগম পিনু খান এমপির মতবিনিময় মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার-২ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম পিনু খান এমপি গত সোমবার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারোল নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড.মোস্তাক আহমদ, ওসি তদন্ত কবির হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন। ইসলামপুরে যুব উন্নয়নের চেক বিতরণ ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে গত বৃহস্পতিবার পাবলিক হল মিলনায়তনে যুব উন্নয়নের চেক বিতরণ করা হয়েছে। ঐদিন পৃথক পৃথক স্থানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোছাইন আকন্দ, আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া ও চরগোয়ালিনী আওয়ামী লীগ নেতা আলীনূর ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভা শেষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারী ও পুরুষদের মাঝে লক্ষাধিক টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। মদনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার মদন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান মিল্কীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির সভাপতি এম এ হারেছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এন আলম, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন ও উপজেলা যুবদল সভাপতি সাইফ আহেমেদ সেকুল। চরভদ্রাসনে যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসনে যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচির প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণ চেক বিতরণ করা হয়। গত মঙ্গলবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে.এম আনোয়ারুল করিমের সভাপতিত্বে ১৮ জন সদস্যের মাঝে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম ও উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। জানা যায়, গবাদিপশু, মত্স্য চাষ, গাভী পালন ও নকশি কাঁথা বিষয়ের উপর এরা প্রশিক্ষণ গ্রহণ করেছে। গোপালগঞ্জে বেসরকারি শিক্ষক সমিতির সম্মেলন গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জ বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোঃ মাহে আলমকে সভাপতি ও নীহার কান্তি বাছাড়কে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা শিক্ষক সমিতির নয়া কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ। গোপালগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেশমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান প্রমুখ। গফরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ গফরগাঁওয়ে রেলস্টেশন এলাকায় গত মঙ্গলবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৪৫) নামে এক মাইক অপারেটরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলস্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগের আলাল আহম্মেদ গ্রুপের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে সুরঝংকার মাইক সার্ভিসের মাইক অপারেটর আব্দুস সালাম টিএন্ডটির একটি খুঁটিতে মাইক বাঁধার সময় টিএন্ডটি খুঁটির উপর দিয়ে যাওয়া অবৈধ সার্ভিস তারে তড়িতাহত হয়ে সে মাটিতে পড়ে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ভুরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ভুরুঙ্গামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নজরুল ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও ওসান গ্রুপের চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নজরুল ইন্সটিটিউটের সাবেক পরিচালক, বিশিষ্ট কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার, ওসান গ্রুপের চেয়ারম্যান এবং স্বাধীন মত পত্রিকার সম্পাদক ডঃ খন্দকার আলী আযম , সাংবাদিক আমিনুর রহমান, আরমান হোসেন প্রমুখ। দেবীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে ওরিয়েন্টেশন দেবীগঞ্জ(পঞ্চগড়)সংবাদদাতা। দেবীগঞ্জ উপজেলার চিলাহাটী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক একদিনের এক ওরিয়েন্টেশন সভা ফেডারেশন সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ নারী অধিকার ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত সভায় যুব ফোরমের সদস্য ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। আরডিআরএস-এর সিনিয়র নারী অধিকার কর্মকর্তা আয়েশা ছিদ্দিকা রিক্তার পরিচালনায় সভায় , ফোরামের সহ-সভাপতি জামিরন বেগম, ফেডারেশন উপদেষ্টা জয়দেব চন্দ্র, যুব ফোরাম সভাপতি মোশারফ হোসেন ,আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন। ধুনটে ছাত্রলীগের কমিটি গঠন ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটের এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফারাইজুল ইসলাম রিপনকে সভাপতি, নূর আলম ছিবিলকে সাধারণ সম্পাদক, সাজেদুল ইসলাম সাজুকে সহ-সভাপতি ও বিপুল হাসান মামুনকে যুগ্ম সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ঈশ্বরগঞ্জে নারী উন্নয়নে কর্মশালা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারী উন্নয়ন গঠন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের উপ-পরিচালক এ.এইচ এম লোকমান হোসেন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভাগীয় সহায়ক ড. সোহেল ইকবাল, পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ সুফিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ। পাবনায় ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ পাবনা প্রতিনিধি \ পাবনার যুবলীগ কর্মী ইমন খানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গত মঙ্গলবার সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। যুবলীগ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বের হওয়া জেলা আওয়ামী লীগের শোকর্যালি থেকে যুবলীগ কর্মী ইমন খান (২৩) কে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পঞ্চগড়ে ভলিবল প্রশিক্ষণ কোর্স শুরু পঞ্চগড় প্রতিনিধি \ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় পঞ্চগড়ে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। গতকাল বিকেলে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. সায়খুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, সদস্য মো. আমিরুল ইসলাম, সদস্য ও ভলিবল প্রশিক্ষণ উপ-কমিটির আহবায়ক আব্দুল কাদের বক্তব্য দেন। অনাবাসিক এই প্রশিক্ষণ কোর্সে জেলার ৫ উপজেলা থেকে বাছাই করা ২৫ জন যুবক অংশ নিচ্ছে। প্রশিক্ষণ প্রদান করছেন জাতীয় ক্রীড়া পরিষদের ভলিবল প্রশিক্ষক সাইদুল ইসলাম সাঈদ।