দুই দলের শীর্ষ নেতৃত্বকে মুখোমুখি সংলাপে বসতে হবে

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২৩:০১
আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে মুখোমুখি সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত লি জুন। গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে চীন আন্তরিকভাবে প্রধান রাজনৈতিক দল মূলত:আওয়ামী লীগ ও বিএনপি বিরোধ নিরসন করতে পারে এবং এর ফলে সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে। উভয় দলেরই লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন। তারা চায় আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণে হোক। চীনা রাষ্ট্রদূত গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। চীনের নৌবাহিনীর চিকিত্সা জাহাজ ‘পিস আর্ক’-এর বাংলাদেশে সপ্তাহব্যাপী শুভেচ্ছা সফর উপলক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। পিস আর্ক এর কমান্ডার রিয়ার এডমিরাল শেন হাও এতে বক্তব্য রাখেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে চীনা রাষ্ট্রদূত আরো বলেন, আগামী সংসদ নির্বাচন কিভাবে আয়েজন করা হবে সে বিষয়েই প্রধান দুই দলের মধ্যে বড় ধরনের মতবিরোধ রয়েছে। চীন বিশ্বাস করে আলোচনা ও সংলাপের মাধ্যমেই এই মতবিরোধ নিরসন সম্ভব। দুই দলের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিনই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আলোচনায় বসছেন। তাই মুখোমুখি সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে দুই পক্ষকে আক্রমণাত্মক বক্তব্য প্রদান ও কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যাতে সরাসরি সংলাপের উপযুক্ত পরিবেশ ও ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। চীনা রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের জনগণকেই শেষ পর্যন্ত সমস্যা সমাধান করতে হবে। জনগণ ও রাজনীতিবিদরাই বিষয়টি ভাবতে পারেন। সংলাপের মাধ্যমে বিরোধ নিরসনে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আওয়ামী লীগ ও বিএনপিতে আমাদের বন্ধু আছে। তাদের বলেছি সংলাপের উদ্যোগ নিতে। কারণ আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়ন অব্যাহত থাকুক।