হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা ও শিশুসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জনকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার রসুলপুর গ্রামের ইউপি মেম্বার খুর্শেদ আলীর ছেলে নিজাম উদ্দিনের কাছে জমি বন্ধক নেয়ার ৫ হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের হাজী রইছ মিয়ার। বেশ কয়েকদিন ধরে ওই টাকা দিতে নিজাম উদ্দিন গড়িমসি করছেন। এ নিয়ে পঞ্চায়েত অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার দুপুরে এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলা শিশুসহ উল্লিখিত সংখ্যক লোক আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবও আহত হন।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে কয়েকজন দাঙ্গাবাজকে আটক করা ছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
