ব্রহ্মপুত্র তিস্তা ধরলার ভাঙ্গনে পাল্টে যাচ্ছে কুড়িগ্রামের ভূ-চিত্র

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২৩:০২
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর প্রবল ভাঙ্গনের মুখে প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে কুড়িগ্রাম জেলার মানচিত্র। করালগ্রাসী ভাঙ্গনের মুখে নদ-নদীর গর্ভে চলে যাচ্ছে বসতভিটা, আবাদী জমিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। দরিদ্র মানুষগুলোর দুর্যোগকালীন সময়ে আশ্রয় নেয়ার জন্য কুড়িগ্রামের ফুলবাড়ীর প্রত্যন্ত বড়ভিটা এলাকায় ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পশ্চিম ধনিরাম কমিউনিটি সেন্টার কাম বন্যা আশ্রয় কেন্দ্রের তিনতলা ভবনটি এখন নিজেই ভাঙ্গনের মুখে। সরেজমিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা এলাকায় জানা যায়, ধরলার প্রবল ভাঙ্গনের মুখে নদীগর্ভে চলে গেছে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পশ্চিম ধনিরাম আবাসন প্রকল্পটি। এই প্রকল্পের আওতায় প্রত্যন্ত চরাঞ্চলের ভূমিহীন হতদরিদ্র ১৮০টি পরিবারকে আশ্রয় দেয়া হয় ১৮টি ব্যারাকে। যার সবগুলোই ধরলার বুকে বিলীন হয়ে দরিদ্র পরিবারের সদস্যরা মাথাগোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙ্গনের শিকার দরিদ্র পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী বাঁধের রাস্তায়। সর্বস্ব হারানো পরিবারগুলোর এখন দিন কাটছে আতঙ্ক আর উত্কণ্ঠায়। ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা পশ্চিম ধনিরাম কমিউনিটি সেন্টার কাম বন্যা আশ্রয় কেন্দ্র। ধরলা নদী, তিনতলা ভবনটি ঘেঁষে প্রবাহিত হওয়ায় যেকোন মুহূর্তে নদীগর্ভে বিলীনের অপেক্ষায়। পার্শ্ববর্তী বাঁধে আশ্রিত আবাসনের বাসিন্দা স্বরবানু (৩৫), মর্জিনা বেগম (২৮), নূর জামাল (৬০) বললেন, ‘আবাসন ধরলা ভাংগি নিয়্যা গেইছে। সউগ হারেয়া নদীর কাছের বাঁধত আশ্রয় নিছি। ধরলা আশ্রয় কেন্দ্র ভাংগি নিয়্যা গেইলে বাঁধও ভাংগি যাইবে। হামার কারো জায়গা-জমি নাই, ঘর-বাড়ি করারও উপায় নাই।’ ৫ একর জমির উপর নির্মিত পশ্চিম ধনিরাম আবাসন প্রকল্পটি এলজিইডির বাস্তবায়নে ২০০৫-০৬ অর্থবছরে ১৮টি ব্যারাকে প্রতি ব্যারাকে ১০টি করে পরিবারের আশ্রয়স্থল হিসেবে তৈরি করে ২০০৮ সালের ৬ জুলাই ১৮০টি পরিবারকে পুনর্বাসনের জন্য তৈরি করে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন ইত্তেফাককে জানান, আবাসন প্রকল্পটির ৯০ শতাংশ ইতিমধ্যে ধরলার ভাঙ্গনে বিলীন হয়েছে। ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনের পশ্চিম ধনিরাম কমিউনিটি সেন্টার কাম বন্যা আশ্রয় কেন্দ্রটিও ভাঙ্গনের মুখে।