পানি ও স্যানিটেশন শীর্ষক সেমিনারে চট্টগ্রাম ওয়াসা এমডি
চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেছেন, বর্তমানে ৬০ পিএসআই-এর বেশি চাপ দেয়া হলে অনেক পাইপ লাইন ফেটে যায়। অথচ চট্টগ্রাম ওয়াসার রয়েছে ১০০ পিএসআই চাপ দেয়ার সক্ষমতা। সক্ষমতা সত্ত্বেও পুরনো পাইপ লাইনের কারণে উচ্চ চাপে পানি সরবরাহ সম্ভব হচ্ছে না।
গত মঙ্গলবার সকালে ‘নিরাপদ পানি, স্যানিটেশনের অগ্রগতি, সমস্যা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি উপরের কথাগুলো বলেন। ওয়াসার সম্মেলন কক্ষে এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। তিনি বলেন, জনসচেতনতার বিকল্প নেই। এই সচেতনতা ছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয়। কারণ পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করলে পানি দূষিত হয়ে পড়বেই।
ফোরামের সভাপতি নোমানউল্লাহ বাহারের সভাপতিতে অনুষ্ঠিত্ব সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও গবেষক এসএম আরাফাত। সেমিনারে আরো বক্তব্য রাখেন চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম ওয়াসার সচিব ড. পিযূষ দত্ত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
