উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
স্থানীয় গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়াস্থ তাবাইয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুকে উদ্ধার করেছে।
বুধবার সকালে উখিয়া থানায় গিয়ে দেখা যায়, উদ্ধার করা রোহিঙ্গা নারী, পুরুষ গেস্ট রুমে জড়সড়ো হয়ে বসে আছে। এদের আত্মীয় পরিচয়দানকারী কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গা যুবক মিজানুর রহমান (২৫) জানায়, ৫ দিন আগে টেকনাফের হ্নীলা জাদিমোরা ঘাট দিয়ে এপারে এসেছে তার খালাম্মা গুলমেহের (৬০), খালাতো ভাই আব্দুস সালাম (২০), খালাতো বোন রফিকা বেগম (১৮), আমিনা খাতুন (১৫), সিরাজুল ইসলাম (১২)সহ ৫ সদস্যের এক পরিবার। তাদের বাড়ি মিয়ানমারের বুচিডং পুইমালি গ্রামে। গুলমেহের জানায়, তার স্বামী মোহাম্মদ কাশেমকে রাখাইন সন্ত্রাসীরা মেরে ফেলেছে। বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। প্রাণ বাঁচাতে ১০ মে রাতে হ্নীলা জাদিমোরা ঘাট দিয়ে এ পারে আসলে তাবাইয়া নামের এক ব্যক্তি তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে লম্বরীপাড়াস্থ তার বাড়িতে ৫ দিন রাখে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, উদ্ধার করা রোহিঙ্গাদের মাঝে ১১ জন মহিলা, মেয়ে শিশু ২ জন, ছেলে শিশু ৩ জন ও আটজন পুরুষ।
