বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের এক প্রতিনিধি দল গত মঙ্গলবার চীন সফরে গেছেন। বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। সফরকালে শিল্পমন্ত্রী চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির নেতাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হওয়ার কথা রয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে যাওয়া বাম নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এম.পি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য ধীরেন সিংহ ও কেন্দ্রিয় কমিটির সদস্য এফ.এম. ইকবাল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য মোজাম্মেল হক ও আলী আহমেদ এনামুল হক, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আক্তার ও মির হোসেন আক্তার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য খান আহসান হাবিব ও এমদাদুল হক মিল্লাত।
জানা গেছে, ৩০ আগস্ট পর্যন্ত চীনের রাজধানী বেইজিং-এ দক্ষিণ এশিয়ার সমাজতান্ত্রিক আন্দোলন এবং চীনা ধারার সমাজতন্ত্র বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর বামপন্থি দলের সিনিয়র ক্যাডাররা অংশ নিবেন। মতবিনিময় সভার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সমাজতান্ত্রিক আন্দোলন জোরদার শীর্ষক কর্মশালাও রয়েছে। এতে দিলীপ বড়ুয়া দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক আন্দোলনের বর্তমান অবস্থা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক সংগঠনগুলোর অর্জন সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন। এছাড়া সফরকারী বাম নেতৃবৃন্দ চীনের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন ও নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন। আগামী ৩১ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
