তথ্যপ্রযুক্তি আইন মত প্রকাশের স্বাধীনতা খর্ব করবে :জামায়াত

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২৩:০৬
মন্ত্রিপরিষদের বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের যে খসড়া অনুমোদন করা হয়েছে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, এ আইনের ফলে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হবে। বিবৃতিতে তিনি বলেন, অশ্লীল, উস্কানিমূলক, কুত্সা রটনা, মানহানিকর বক্তব্য অনলাইনে লেখা বা প্রচারের জন্য এ আইনের খসড়ায় জামিন অযোগ্য মামলা দায়ের ও পরোয়ানা ছাড়াই গ্রেফতারের বিধান রাখা হয়েছে। কিন্তু সেখানে অশ্লীল, কুত্সা, উস্কানিমূলক শব্দগুলোর কোন অবজেকটিভলি ডেফিনেশন লেখা নেই। কাজেই এ আইনের অপব্যবহার করে সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা খর্ব করার যথেষ্ট সুযোগ আছে। তিনি সংবাদপত্র, মিডিয়া এবং বাকস্বাধীনতার পরিপন্থি আইন পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং জনগণের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি