ম্যানিংয়ের ৩৫ বছরের কারাদণ্ড

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২৩:০৬
উইকিলিক্সকে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র দেয়ার অভিযোগে অভিযুক্ত মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার এ রায় দেয়া হয়। খবর বিবিসি ও রয়টার্সের। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সামরিক আদালতে গতকাল সকালে রায় ঘোষণা করা হয়। মঙ্গলবার থেকে রায় পড়া শুরু করেন বিচারক কর্ণেল ডেনিস লিন্ড। গত সপ্তাহে তার কৃতকর্মের জন্য ক্ষমা চান ম্যানিং। সরকারি আইনজীবী তার ৬০ বছর কারাদণ্ড দাবি করেছিলেন। তাকে অসম্মানজনকভাবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী থেকে বিদায় হতে হবে বলে জানান বিচারক লিন্ড। ২৫ বছর বয়সী ম্যানিং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন ‘প্রাইভেট ফার্স্ট ক্লাস’। ২০১০ সালে বাগদাদে মোতায়েন থাকাকালে তিনি নিম্ন পর্যায়ের গোয়েন্দা বিশ্লেষক ছিলেন। ওই সময় যুক্তরাষ্ট্রের ৭ লাখেরও বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা তিনি উইকিলিকস ওয়েবসাইটের হাতে তুলে দেন। উইকিলিকস ওইসব নথি, ভিডিও ও কূটনৈতিক বার্তা ইন্টারনেটে তাদের ওয়েবসাইটে প্রকাশ করলে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই কাজের মাধ্যমে ম্যানিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রের শত্রুদের সহায়তা, গোয়েন্দাগিরি ও চুরির অভিযোগ আনা হয়। ২০টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ম্যানিং। বাগদাদে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অভিযানের প্রকাশিত ভিডিও দেখে বিশ্বের অনেকেই মর্মাহত হন। ২০০৭ সালে ধারণ করা ওই গোপন ভিডিওতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার থেকে ইরাকের রাজধানী বাগদাদে সন্দেহভাজন বিদ্রোহীদের ওপর গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণে সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকসহ ১২ জন নিরপরাধ মানুষ নিহত হয়েছিলেন। ম্যানিংয়ের তুলে দেয়া গোপন নথি ইত্যাদি প্রকাশ করে উইকিলিকস ও এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।