যুক্তরাষ্ট্রের ওয়েব ট্রাফিক ব্যবহারের পরিমাণের হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী গুগলকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইয়াহু। প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা কমস্কোরের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তাদের এই প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ইয়াহুতে ইউনিক ভিজিটরের সংখ্যা ছিল ১৯৬.৫ মিলিয়ন। ওই একই মাসে ইয়াহু’র পরে দ্বিতীয় অবস্থানে থাকা গুগল’র ইউনিক ভিজিটরের পরিমাণ ছিল ১৯২ মিলিয়ন। ফলে দীর্ঘদিন পরে পুনরায় গুগলকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে ইয়াহু। গত ২০১১ সালের এপ্রিল মাসের পর এই প্রথমবারের মতো ইয়াহু এগিয়ে গেছে গুগল’র চাইতে। কমস্কোরের এই প্রতিবেদন ছাড়াও সম্প্রতি সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে ইয়াহু যে নতুন তথ্য উন্মোচন করেছে, তাতে তারা জানিয়েছে, টাম্বলারকে হিসেবের বাইরে রেখেই জুলাই মাসে সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইটের তালিকায় গুগলকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে ইয়াহু। এদিকে কমস্কোরের প্রতিবেদন থেকে আরও জানা যায়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ২২৫ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর ৮৭ শতাংশই ইয়াহু’র বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেছে। সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইটের তালিকায় শীর্ষ থেকে বাদ পড়লেও সার্চ ইঞ্জিন হিসেবে এখনও শীর্ষস্থানটি ধরে রেখেছে গুগল। এ সময়ে সার্চ হওয়া ৬৭ শতাংশই হয়েছে গুগল ব্যবহার করে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মাইক্রোসফটের বিং, যাদের ব্যবহারকারী ১৭ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ইয়াহু সার্চ ইঞ্জিনের ব্যবহারকারী ১২ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাজারে ইয়াহু’র আবার এই শীর্ষে উঠে আসার কৃতিত্বের প্রায় পুরোটাই মারিসা মেয়ারকে প্রদান করছেন অনেক প্রযুক্তি বিশ্লেষকই। গত বছরের জুলাইয়ে ইয়াহু’র ভগ্নদশায় গুগল থেকে উড়ে এসে ইয়াহুতে যোগ দিয়েছিলেন তিনি। আর তারপর থেকে গত এক বছরে ইয়াহুকে এগিয়ে নিতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। আর তারই ফলাফল হিসেবে ইয়াহু গত এক বছরে এগিয়েও এসেছে অনেকখানি।
