বেসিস, বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ আয়োজনে এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন, এশিয়া অ্যান্ড প্যাসিফিক কনফেডারেশন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এবং সিরডাপের সহযোগিতায় ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর বাণিজ্যবৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, বিনিয়োগ সুবিধা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী ২৪ আগস্ট সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আইসিটি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ :অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জস’ শীর্ষক সেমিনার ও বিটুবি সভার আয়োজন করা হয়েছে। গতকাল সিরডাপ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, আইবিসিসিআই সভাপতি মতলুব আহমেদ, বেসিস-এর সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, ভারতীয় হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সেলর আর মাসাকুই প্রমুখ উপস্থিত থেকে এই আয়োজন সম্পর্কে জানান। আগামী ২৪ আগস্ট দিনব্যাপী আয়োজনে পৃথক পৃথক টেকনিক্যাল সেশন ও বিটুবি ম্যাচমেকিং মিটিং অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা জানান, ১৫ সদস্যের একটি ভারতীয় আইটি প্রতিনিধিদল দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করবে। এতে বাংলাদেশের ৫০টিরও বেশি আইটি কোম্পানির প্রতিনিধি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
