বটিয়াঘাটা বাজার রক্ষা বাঁধ তলিয়ে জোয়ারের পানি প্রবেশ

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২০:৪৫
কাজীবাছা নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে বটিয়াঘাটা বাজার রক্ষা বাঁধসহ বিভিন্ন পয়েন্ট তলিয়ে পানি ভিতরে প্রবেশ করেছে। বুধবার রাতে ব্র্যাক অফিসের পাশে বাঁধ ভেঙ্গে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনতা গভীর রাত পর্যন্ত বাঁধ মেরামত করে সাময়িকভাবে রক্ষা করেন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবগত করা হলে গতকাল বৃহস্পতিবার বাঁধের কাজ শুরু করেন। প্রতিদিন জোয়ারের সময় বাজার রক্ষা বাঁধ তলিয়ে ভিতরে পানির স্রোত পড়ায় রাস্তার খোয়া উঠে গভীর খাদের সৃষ্টি হয়েছে। পুরাতন ব্র্যাক অফিসের পাশে বাঁধ ভেঙ্গে যাওয়ায় মাত্র এক ফুট দূরত্বে রয়েছে নদী। যে কোন মুহূর্তে বাজারের বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে বার বার আলাপ করা সত্ত্বেও তারা তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউএনও শান্তি মনি চাকমা বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে আসন্ন ঝুঁকি থেকে উপজেলাকে রক্ষা করা সম্ভব।