কক্সবাজারে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এ ঘটনায় ভূমি ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং কক্সবাজারের জেলা প্রশাসকসহ ৭ জন সরকারি কর্মকর্তাকে উকিল নোটিস দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বেলার আইনজীবী তাসলিমা ইসলাম পাহাড় কাটার বিষয়ে কার্যকর পদক্ষেপ চেয়ে গত বুধবার এ নোটিস প্রেরণ করেন। নোটিস গ্রহীতা বাকি ৩ কর্মকর্তা হলেন, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সহকারী পরিচালক, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
নোটিসে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত পর্যটন নগরী কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, জীববৈচিত্র্যের প্রাচুর্যতা ও তার অপরূপ সৌন্দর্যের জন্য বিশ্ব খ্যাত। ঝিলংজা মৌজার বি.এস ৬১৬৮ নং দাগে অবস্থিত ২০০ ফুট উঁচু পাহাড়সহ এ এলাকায় অবস্থিত একাধিক পাহাড় সৈকত পাড়ে নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের মাঠ ভরাটের উদ্দেশ্যে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। আর এস ৮০০১ নং দাগে পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস করে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করলে ‘বেলা’ হাইকোর্ট বিভাগে রীট মামলা করে। মামলার চূড়ান্ত শুনানি শেষে আদালত গত ৮ জুন, ২০১১ তারিখে পাহাড় বা পাহাড়ের অংশবিশেষ কর্তন না করার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন।
