একাগ্রতা ও কঠোর অধ্যবসায়কে কাজে লাগিয়ে দারিদ্র্যতাকে হার মানিয়ে এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় সাফল্য অর্জন করেও ভবিষ্যতের উচ্চশিক্ষা নিয়ে হতাশায় ভুগছে এসব দরিদ্র পরিবারের সন্তানরা। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
মোহাম্মদ ইমতিয়াজ আজিজ এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। সে উপজেলার বহালাবাড়ি গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আজিজুর রহমান ও গৃহিণী মোসাম্মত্ আলেয়া রহমানের সন্তান। সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা নিয়ে সে হতাশায় ভুগছে। তাই দেশের আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি ও সংস্থার কাছে সাহায্যপ্রার্থী।
রায়পুরা (নরসিংদী)
আবুল বাশার ছাত্র অবস্থায় টিউশনি করে ও ইমামতি করে নিজের পড়াশুনা ও পরিবারের খরচ চালিয়েও পড়াশুনায় সাফল্য অর্জন করেছে। নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ আলিম মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কৃষক আব্দুল হকের পুত্র। সে ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে সমাজের সেবা করতে চায়। আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা নিয়ে সে হতাশায় ভুগছে। তাই দেশের আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি ও সংস্থার কাছে সাহায্যপ্রার্থী।
মোরেলগঞ্জ
হাফেজ আলামীন মোরেলগঞ্জ পৌর সদরের লতিফিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে আবুল খায়ের ও মরিয়াম বেগমের পুত্র। ২০১১ সালেও সে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। আলামীনের পিতা একজন চা বিক্রেতা। পড়াশুনার মাঝে পিতাকেও সে সাহায্য করত। সে ইংরেজি বিষয়ে পড়াশুনা করে ভবিষ্যতে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। সে সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
গৌরীপুর (ময়মনসিংহ)
বিবি মরিয়ম এবার আলিম পরীক্ষায় গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে স্থানীয় মসজিদের ইমাম গৌরীপুর উপজেলার বীর আহাম্মদপুর গ্রামের আহমাদ উল্লাহর মেয়ে। মরিয়মের ভাই-বোনসহ ১১ জন সদস্য নিয়ে পিতার সামান্য বেতন দিয়ে অতিকষ্টে জীবন-যাপন করছে। মরিয়ম উচ্চ শিক্ষা নিয়ে হতাশায় ভুগছে। সে ধনাঢ্য দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে।
