কুমিল্লায় এক মাসে ১০ খুন, ধর্ষণ ৯

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত এক মাসে (এপ্রিল) ১০টি খুনের ঘটনা ঘটেছে। এ সময়ে নারী ও শিশু নির্যাতনের ৪৫টি ঘটনার মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে নয়টি। এছাড়া এপ্রিল মাসে জেলার বিভিন্ন থানা পুলিশ ১১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এর আগে জেলায় গত মার্চ মাসে ১০টি ও ফেব্রুয়ারি মাসে ১১টি খুনের ঘটনা ঘটেছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা সূত্রে বুধবার এসব তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, জেলায় এপ্রিল মাসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ১৫৬টি অভিযান ও ২৯৯টি মামলা হয়েছে। এসময়ে ৮ লাখ ৪১ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে জেলা টাস্কফোর্স ২০টি অভিযানে ২২ জনকে আটক করেছে, মামলা হয়েছে ১৮টি। পুলিশের ৭ হাজার ২৩১টি অভিযানে ৩৩৩ জনকে আটকসহ মামলা হয়েছে ২৬৩টি। বিজিবির ১ হাজার ৩৯০টি অভিযানে ৩৩ জন আটকসহ মামলা হয়েছে ৩১টি। র্যাবের ১৩টি অভিযানে ৭ জনকে আটকসহ ৬টি মামলা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।