ভারতের লোকসভায় অন্ধ্র প্রদেশের এগার সংসদ সদস্যকে সরকারের বরখাস্ত করার চেষ্টা ভন্ডুল হয়ে গেছে। এই সব সদস্যরা পার্লামেন্টে তেলেঙ্গানাকে আলাদা রাষ্ট্র করার ইস্যুতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। এমনকি এদের কারনে সরকারের খাদ্য নিরাপত্তা বিলসহ বিভিন্ন বিল আনতে সমস্যা হচ্ছিল। মূলত বিরোধী দল বিজেপির বাধার কারণে এই চেষ্টা ভন্ডুল হয়। খবর এনডিটিভি’র।
এই এগার জন সংসদ সদস্যের মধ্যে কংগ্রেস দলেরই সাতজন। তেলেঙ্গানাকে অন্ধ্র প্রদেশ থেকে পৃথক করার ঘোষণার পর থেকেই এসব সদস্যরা পার্লামেন্টে নানা সমস্যা সৃষ্টি করছেন বলে মনে করছে সরকার। প্রতিদিনই তারা বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছেন এবং পার্লামেন্টের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছেন। গতকাল বৃহস্পতিবার এসব সদস্যদের বরখাস্ত করার চেষ্টা করে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। এ নিয়ে পার্লামেন্টে ব্যাপক হট্টগোল হয় এবং অবশেষে পার্লামেন্টের অধিবেশন মূলতবি করতে বাধ্য হন পার্লামেন্ট প্রধান। লোকসভায় বিরোধী দলের নেতা সুষমা স্বরাজ সরকারের এই প্রস্তাবের বিরোধিতা করেন। ভারতীয় জনতা দলের (বিজেপি) সংসদ সদস্য রবি শঙ্কর প্রসাদ বলেন, সরকারের উচিত নিজেদের সংসদ সদস্যের লাগাম টেনে ধরা। বাইরের কোনো দলের নয়।
