হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, মিশর, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের উপর কুফরী ও নাস্তিক্যবাদী শক্তির শ্যেন দৃষ্টি পড়েছে। বাংলাদেশও এমন আশংকা থেকে মুক্ত নয়। তিনি অভিযোগ করেন বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আল্লাহ, রাসূল, কুরআন ও ইসলামের উপর লাগামহীন আঘাত হানা হচ্ছে। নিরীহ উলামা-মাশায়েখ ও তাওহিদী জনতার উপর হামলা, মামলা ও জেল-জুলুম চালানো হচ্ছে। নাস্তিক্যবাদী শক্তি তৌহিদী জনতা ও উলামা-মাশায়েখের বিরুদ্ধে চরম বিষোদ্গার ও অপপ্রচারে নেমেছে। তারা বিভেদ তৈরির মাধ্যমে আলেম ওলামাদের ঐক্য বিনষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, অপপ্রচার ও বিভেদ তৈরির অপচেষ্টায় লাভ হবে না, নাস্তিক্যবাদের বিরুদ্ধে তৌহিদী জনতা এখন একতাবদ্ধ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, সামাজিক বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতায় মানুষ দিশেহারা হয়ে পড়ছে। মানুষ তুচ্ছ বিষয় নিয়ে হানাহানিতে লিপ্ত হচ্ছে। হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহমর্মিতা আশংকাজনকভাবে লোপ পাচ্ছে। এসব কিছুর মূলই হচ্ছে ধর্মহীনতা ও নাস্তিক্যবাদ। জাতিকে এমন ভীতিকর পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্যই হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছে।
বিবৃতিতে তিনি বলেন, ধর্মহীনতা, ভোগের ও মাদকের নেশা, অবাধ চলাফেরা, বেলেল্লাপনা ও পর্দাহীনতায় তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা এমনভাবে জড়িয়ে পড়ছে যে তাদের হাতে স্বয়ং পিতা-মাতাও নিরাপদ বোধ করছেন না। আদরের সন্তান পিতা-মাতাকে বর্বর কায়দায় হত্যা করছে। যুব ও তরুণ সমাজের ধর্মীয় ও নৈতিক অবক্ষয় বর্বরতার যুগকেও হার মানাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে, নাস্তিক্যবাদের পক্ষপাতদুষ্ট সরকার দেশ ও জাতির স্বার্থে উত্থাপিত আমাদের দাবিসমূহ মেনে না নিয়ে বরং জাতিকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, আমরা বারবারই বলেছি, হেফাজত কখনো রাজনীতিতে জড়াবে না, গদি ও ক্ষমতা দখলের লড়াইয়ে শামিল হবে না। সরকার দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতি আন্তরিক নয় বলেই উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গারে নেমেছে। আল্লামা আহমদ শফী হেফাজতে ইসলামের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক্যবাদ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যাপক জনমত ও জনসচেতনতা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আল্লামা আহমদ শফী বলেন, হেফাজতে ইসলাম তাদের ১৩ দফায় নারীদের নিরাপত্তা ও মর্যাদার দিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল। এই ৪র্থ দফা বাস্তবায়ন হলে তরুণ-তরুণীরা ভয়াবহ নৈতিক স্খলনে জড়িত হতে পারত না এবং আজকে মা-বাবারাও সন্তানদের হাতে নিরাপত্তাহীন হওয়ার মত চরম দুঃসহ পরিস্থিতির মুখে পড়তেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন মহলসহ ভোগবাদি কথিত সুশিল সমাজ জাতির শান্তি-শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়ে হেফাজতের সমালোচনা করছে।
