সরকার গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে :ফখরুল

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বর্তমান সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যার ষড়যন্ত্র করছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা তুলে দিয়ে নিজেদের অধীনে নির্বাচনের ‘পাঁয়তারা’ করছে এ সরকার। জোর করে আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছা তাদের। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে কোনো চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিরোধ করবে। গতকাল বৃৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে দলের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দে র উদ্যোগে এই কর্মশালায় যুবদলের কেন্দ ীয় পর্যায়ের ৭৫ নেতা অংশ নিচ্ছেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ রায়, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহীন প্রমুখ। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান। এদিকে গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত ‘নির্দলীয় সরকার, সংবাদপত্রের স্বাধীনতা ও মাহমুদুর রহমানের মুক্তি’ শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, তাতে মহাজোটের শরিক জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এরশাদও বলেছেন-বিরোধীদল অংশ না নিলে কোনো প্রহসনের নির্বাচনে তার দল যাবে না। এর ফলে শেখ হাসিনা রাজনৈতিকভাবে এখন নিঃসঙ্গ হয়ে পড়েছেন।