বিদেশে অ্যাপার্টমেন্ট ক্রয় বৈধ নয়

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৬
সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় বিদেশে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) অ্যাপার্টমেন্ট বিক্রির যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের বাইরে স্থাবর সম্পত্তি কেনা আইনগতভাবে বৈধ নয়। সেজন্য এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর অনুমোদনহীন এ ধরনের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বিদেশে ফ্ল্যাট কেনার মাধ্যমে দেশ থেকে অর্থ পাচারের আশংকা প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞাপনে বলা হয়েছে, নিবাসী বাংলাদেশিদের বিদেশে স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য বাংলাদেশ থেকে অর্থ প্রেরণের ওপর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে (১৯৪৭) বিধিনিষেধ আরোপিত রয়েছে। বিধিনিষেধ এড়িয়ে অবৈধভাবে অর্থ প্রেরণে যোগসাজশকারীদের ভূমিকা আইনগতভাবে দণ্ডযোগ্য হবে। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দেয়া যাচ্ছে। আর গণমাধ্যমগুলোকেও এ ধরনের বিজ্ঞপ্তি প্রচারের বিষয়ে সতর্ক, সংযত থাকার পরামর্শ দেয়া যাচ্ছে। রিহ্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞাপনগুলোতে বাংলাদেশ সরকারের কোন অনুমোদন আছে কিনা সে বিষয়ে কোন তথ্য উল্লেখ করেনি। এ বিজ্ঞাপন বিষয়ে বিনিয়োগে বোর্ডের কাছেও কোন ধরনের তথ্য নেই বলে রিহ্যাব বলছে। এছাড়া দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলেও অ্যাপার্টমেন্ট বিক্রির অনুমোদনের বিষয়েও তাদের জানা নেই বলে রিহ্যাব বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। রিহ্যাব জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণা তথ্যানুযায়ী ইতিমধ্যে দেশ থেকে গত এক দশকে প্রায় এক লাখ ১২ হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার হয়ে গেছে। এমনকি সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যানুযায়ী কেবল মালয়েশিয়ার সেকেন্ড হোম কার্যক্রমেই গত ১০ বছরে তিন হাজার ৫০০ কোটি টাকা পাচার হয়েছে। রিহ্যাব এ বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু পদক্ষেপ কামনা করেছে।