নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোটে এক প্রবাসী ডাকাত দলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। গত বুধবার গভীর রাতে উপজেলার জোড্ডা ইউপির বাহুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের সাথে বাকবিতণ্ডা করলে তাজুল ইসলামকে (৫০) তারা গলা কেটে হত্যা করে। ডাকাতরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নাটোরে গৃহবধূর লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি জানান, সদর উপজেলার নলডাঙ্গায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগম নলডাঙ্গার আলীপুর গ্রামের বাসিন্দা ও বাসুদেবপুর বাজারের নৈশপ্রহরী ওসমান গণির স্ত্রী। গতকাল বৃহস্পতিবার প্রতিবেশীরা রোকেয়ার মৃতদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নলডাঙ্গা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চট্টগ্রামে গলিত লাশ উদ্ধার
চট্টগ্রাম অফিস জানান, নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে একটি গার্মেন্টসের পাশ থেকে এক পুরুষের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেডিএস গার্মেন্টসের সামনের রাস্তার দেয়ালের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটিতে পচন ধরায় তা সনাক্ত করা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বায়েজিদ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়ায় দিনমজুরের লাশ উদ্ধার
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, জেলার মঠবাড়িয়া থানা পুলিশ গত বুধবার নলীচড়কগাছিয়া গ্রাম থেকে নিরঞ্জন চন্দ রায় (৫৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য জেলা মর্গে লাশ প্রেরণ করা হয়। মঠবাড়িয়া থানার ইন্সক্টের জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গামাটিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, শহরে গতকাল এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম টমাস বড়ুয়া (১৮)। শহরের কলেজ গেইট এলাকার টিটিসি সড়কের মুখে একটি আম গাছে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত টমাস শহরের কালিন্দিপুরের বিক্রম বড়ুয়ার ছেলে। তিনি শহরের কালিন্দিপুরে তার মায়ের সাথে ভাড়া থাকতেন। তবে এই যুবকের মৃত্যুর রহস্য জানা যায়নি।
রাঙ্গামাটি কতোয়ালী থানার কর্মকর্তা (ওসি) জানান, নিহত টমাসের মায়ের দাবী তিনি আত্মহত্যা করেছেন।
নেত্রকোনায় লাঠির আঘাতে মহিলা খুন
নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামে গত বুধবার লাঠির আঘাতে ঝর্না আক্তার (২৫) নামের এক তরুণী নিহত হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর স্বপন মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্বপন মিয়া বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। গতকাল তার লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আশুলিয়ায় কিশোরের গলিত লাশ উদ্ধার
আমাদের স্টাফ রির্পোটার জানান, শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাকিব (১৫) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার জিরানী টেঙগুরী পুকুরপাড় এলাকার একটি ঝোঁপের ভেতর থেকে গত বুধবার লাশটি উদ্ধার করা হয়।
যশোরে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
যশোর অফিস জানিয়েছে, উপশহর এলাকার একটি বাড়ি থেকে গতকাল গৃহবধূ বকুলের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নিহতের স্বামী আব্দুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ। তার বাড়ি বরগুনা জেলায়।
পুলিশ জানায়, ৩/৪ দিন আগে বকুলকে হত্যা করা হয়েছে। লাশ পচে দুর্গন্ধ ছড়ানোয় বাড়ির মালিক বিষয়টি বুঝতে পারেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
