হোসনি মোবারক জেল থেকে মুক্ত

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২২:৫৮
আদালতের আদেশে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে মিসরের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে। বৃহস্পতিবার একটি সেনা হেলিকপ্টারে করে তাকে তোরা কারাগার থেকে পাশের একটি সামরিক হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। যাবজ্জীবন সাজা পাওয়া সাবেক এই রাষ্ট্রপ্রধান আদালতের আদেশে জামিন পেলেও সহসা মুক্তি পাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও বিবিসির। মিসরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আদালত মুক্তি দিতে বললেও আপাতত মোবারককে গৃহবন্দি করে রাখা হবে। আর এটা করা হবে জরুরি আইনের আওতায়। বুধবার দেশটির একটি আদালত তাকে মুক্তির আদেশ দেয়ার পর প্রসিকিউশন জানায়, তারা এর বিরুদ্ধে আপিল করবে না। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থার প্রেক্ষাপটে হোসনি মোবারককে গৃহবন্দি রাখার আদেশ জারি করেছেন উপ সেনাপ্রধান। ২০১১ সালে গণবিক্ষোভের মুখে তার ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১১ সালের এপ্রিল থেকে মিসরের রাজধানী কায়রোর কাছের তোরা কারাগারে দিন কেটেছে তার। ওই কারাগারেই বন্দি আছেন মুসলিম ব্রাদারহুডের কয়েকজন শীর্ষ নেতা।