জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলকে উদ্যোগ নিতে হবে। আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের চেয়ে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। কেননা নব্বইয়ের পর থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে এক কর্মশালায় সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা দাবি করেছেন, সংসদীয় গণতন্ত্রের স্বচ্ছতা এবং সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরার স্বার্থে সংসদ অধিবেশনের মতো সংসদীয় কমিটির বৈঠকেও গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকা জরুরি। এ বিষয়ে স্পিকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হলে স্পিকার ও তথ্যমন্ত্রী উপরোক্ত কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলকে উদ্যোগ নিতে হবে। এমআরডিআই আয়োজিত ‘সংবাদ মাধ্যমের বীক্ষণে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম’ শীর্ষক কর্মশালা পরিচালনা করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, গণতন্ত্রের ভীতকে মজবুত করতে সংসদীয় স্থায়ী কমিটিকে শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটি কার্যকর ভূমিকা রাখে। আর এই কমিটির কার্যক্রম জণগণকে অবহিত করতে সর্বাত্মক সহযোগিতা করে গণমাধ্যম। আগামীতে কমিটির কার্যক্রম গণমাধ্যমের কাছে আরো সঠিক ও সহজলভ্য উপায়ে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাজনৈতিক সংকট নিরসনে দুই দলকে উদ্যোগ নিতে হবে। অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা চাইলে সংসদে এ বিষয়ে আলোচনা করতে পারেন।
স্পিকার হিসাবে আপনি এ ব্যাপারে কোন পদক্ষেপ নিবেন কিনা?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সব সময়ই বলছি, এ বিষয়ে উদ্যোগ নিতে হবে সরকার ও বিরোধী দলকেই। স্পিকার হিসাবে আমার ক্ষমতা সীমাবদ্ধ। আগামী ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। বিরোধী দলীয় সদস্যরা এই অধিবেশনে যোগ দিয়ে বাজেট অধিবেশনের মতো কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছি।’
এর আগে বিশেষ অতিথি হিসাবে তথ্যমন্ত্রী বলেন, স্থায়ী কমিটির কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ না দেয়া গণতন্ত্রের পরিপন্থি। সংসদ অধিবেশন যেখানে সরাসরি সমপ্রচার করা হচ্ছে সেখানে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আড়ালে রাখার কোন মানেই হয় না। সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে সংসদীয় কমিটিগুলো সুপারিশ বা পরামর্শ দিয়ে থাকে। আইন প্রণয়ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সুপারিশ নিয়েই সংসদ আইন পাস করে থাকে। গুরুত্বপূর্ণ এসব কার্যক্রম জনগণকে মিডিয়ার মাধ্যমে জানানো উচিত।
তিনি বলেন, ‘আমরা একটি উত্তরণ পর্বের মধ্যে আছি। সামপ্রদায়িকতা ও সামরিকতন্ত্র থেকে উত্তরণের চেষ্টা চলছে। এখন রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। এই সময়ে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষে থাকবেন? সন্ত্রাস-জঙ্গিবাদ ও তেতুল হুজুরের পক্ষে, নাকি তাদের বিরুদ্ধে।’ তথ্যমন্ত্রী বলেন, এই সংসদে ২৫৭টি আইন পাস হয়েছে। আইন নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনাকালে বিরোধী দলীয় সদস্যরা মতামত দিয়েছেন। কিন্তু সংসদে পাসের সময় দলের নির্দেশে কমিটির সদস্যরাই বিলের বিরোধিতা করেছেন। আবার অকারণে তারা সংসদ দিনের পর দিন বর্জন করেছেন। এই অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন।
কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হক, আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, জাসদের সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ, জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য মো. মুজিবুল হক, সংসদ সচিবালয়ের সচিব মো. মাহ্ফুজুর রহমান, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, এপির বাংলাদেশ ব্যুরো চিফ ফরিদ হোসেন, ইউএসএইড-এর মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান প্রমুখ। কর্মশালায় এমআরডিআই’র গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন ডেইলি স্টার পত্রিকার উপ-সম্পাদক শাহরিয়ার খান।
কর্মশালায় সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম ও সুপারিশের তথ্যাবলী সহজ, সঠিক ও বোধগম্য উপায়ে গণমাধ্যমের নিকট পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়। সেখানে বলা হয়, অনেক সময় সঠিক তথ্য না পাওয়ায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় তুলে ধরা সাংবাদিকদের পক্ষে সম্ভব হয় না। তাই সকল বৈঠকে না হলেও জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় কমিটির বৈঠকে সাংবাদিকদের উপস্থিতির সুযোগ দেয়া জরুরি। এছাড়া কর্মশালায় সংসদ বিষয়ক সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমকে আদালত অবমাননার ঝুঁকি থেকে সুরক্ষা দেয়ার সুপারিশ করা হয়।
