‘ভারত পর্যটকদের স্বর্গ, নারীদের নরক’

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২৩:০৪
ভারত পর্যটকদের জন্য স্বর্গ হলেও নারীদের জন্য নরক বলে মন্তব্য করেছেন যুক্ত-রাষ্ট্রের এক শিক্ষার্থী। গত বছর তিনি শিক্ষা সফরে ভারত এসেছিলেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের মিশেলা ক্রস নামের এই শিক্ষার্থী এক বছর পর এ ধরনের মন্তব্য করলেন। খবর এনডিটিভি’র। গত বছর ভারতে এক মেডিকেল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার কিছুদিন আগে ভারত ত্যাগ করেন ক্রস। তিন মাস তিনি দেশটিতে অবস্থান করেন। সিএনএন আইরিপোর্ট নামের একটি ওয়েবসাইটে মন্তব্য করেন ক্রস। ‘ভারত: যে গল্প আপনি কখনো শুনতে চাননি’ শিরোনামের লেখায় ক্রস বলেন, ভারতের পুনেতে একটি উত্সবে যখন আমেরিকান নারীরা নাচতে ছিলেন তখন চারপাশে ছেলেরা ছবি তুলছিল। আমি বাজারে একটি শাড়ি কিনছিলাম। এমন সময় কয়েকজন ছেলে আমার শরীরের স্পর্শকাতর স্থানের দিকে তাকাচ্ছিল। প্রায় ৪৫ মিনিট ধরে তারা আমাকে এইভাবে বিরক্ত করছিল। এর ফলে আমি মানসিকভাবে ভেঙ্গে পড়ি। ক্রস জানান, এর ফলে তার নানা ধরনের সমস্যা হয়েছিল। তিনি আশা করেন, একদিন হয়তো তার এই দু:স্বপ্নের শেষ হবে। তিনি জানান, ভারত থেকে আসার পর একটি দুর্ঘটনার কারণে তাকে দীর্ঘদিন চিকিত্সা নিতে হয়। বর্তমানে তিনি মানসিকভাবে অনেকটা সুস্থ।