পড়বি তো পড় মালির ঘাড়ে!

আপডেট : ২২ আগস্ট ২০১৩, ২৩:০৪
সাধারণ জনগণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে জনগণের জিনিসপত্র চুরির জন্য পুলিশকে চোর-ডাকাতদের পাকড়াও করতে হয়। এজন্য পুলিশের ভয়ে চোর-ডাকাতরা সব সময়ই পালিয়ে থাকে। কিন্তু কেউ যদি সেই পুলিশের গাড়িই চুরি করে তাহলে ব্যাপারটা অস্বাভাবিকই বটে। তাই তো বাংলায় প্রবাদ আছে, পড়বি তো পড় মালির ঘাড়ে। আর যুক্তরাষ্ট্রের এক নারী ঠিকই এই মালির ঘাড়েই পড়েছেন। খবর ইউপিআই ডটকমের। নিউ জার্সির এক পুলিশ সদস্য জানিয়েছেন, তারা স্থানীয় একটি বিরোধের মীমাংসা করতে এক বাড়িতে যান। দুই পক্ষের যুক্তি-তর্ক শোনেন। বিরোধের মীমাংসা করতে দুই পক্ষকে বোঝাচ্ছিলেন পুলিশের কয়েকজন সদস্য। এ সময় হঠাত্ করে একজন নারী পুলিশের পেট্রোল গাড়িতে ওঠেন এবং চালিয়ে অনেক দূর পর্যন্ত চলে যান। পরে অনেকক্ষণ চেষ্টার পর পুলিশ তাকে ধরতে সক্ষম হয় এবং তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ওই নারীর নাম প্রকাশ করেনি। ওই নারীকে বর্তমানে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। তবে চিকিত্সার কারণ জানাননি পুলিশের ওই সদস্য।