যথাযথ জরিপ ছাড়া নতুন ট্রলারের লাইসেন্স প্রদানের প্রতিবাদে ভোলায় মানববন্ধন করেছে জেলে ও মত্স্যজীবী সমিতি। রোববার সকালে শহরের নতুন বাজারস্থ ভোলা প্রেসক্লাব চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলে সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাসেম মাঝি, সাংগঠনিক সম্পাদক এরশাদ, ক্ষুদ্র জেলে ও মত্স্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি মোবাশ্বেরউল্লাহ চৌধুরী। এছাড়াও কোস্ট ট্রাস্টের সমন্বয়কারী মিজানুর রহমান, সিফরডি প্রোগাম অফিসার খোকন চন্দ্র শীল, ইয়াকুব, বাবলু হাসান, সাইদুর রহমান প্রমুখ। বক্তরা বলেন, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানায় মাছ ধরার জন্য ২৫টি নতুন ট্রলার নামানোর অনুমোদন দেয় সরকার। এ ট্রলারগুলো দেশের অর্থনৈতিক এলাকায় মাছ ও চিংড়ি আহরণ করবে। ১৫টি মিডওয়াটার ট্রলার সাগরের ৪০ থেকে ২০০ মিটার গভীরতায় মাছ শিকার করবে। আর ১০টি লাইনার ট্রলার মাছ ধরবে ২০০ মিটার পর্যান্ত। এ ট্রলার চলাচল করলে দেশের মত্স্য খাতের ক্ষতি হবে। তাই জেলে ও মত্স্যজীবীরা বঙ্গোপসাগরে যথাযথ জরিপ করে চলাচলের উপযোগী নৌ-ট্রলারের লাইসেন্স দিয়ে দুর্ঘটনা রোধ ও মত্স্য সম্পদ রক্ষার দাবি জানান। একই সাথে তারা বঙ্গোপসাগরে কোন জরিপের আগে সকল প্রকার মাছ ধরার নৌকার অনুমোদ প্রদান বন্ধসহ ৭টি দাবি উত্থাপন করেন।
