দীর্ঘদিন মন্দায় থাকার পর ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে ইউরোজোনের অর্থনীতির চাকা। এ অঞ্চলের দেশগুলোতে চলতি আগস্টে ব্যবসায়িক কার্যক্রম গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ গতিতে এগিয়ে চলেছে। মার্কিটের (অর্থনৈতিক তথ্য জরিপ ও বিশ্লেষকারী প্রতিষ্ঠান) তথ্যে দেখা গেছে, ইউরোজোনের কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) বা শিল্প উত্পাদন ও সেবা খাত সংক্রান্ত সূচক ৫১ দশমিক ৭ পয়েন্টে উঠে এসেছে। যা জুলাই মাসে ছিল ৫০ দশমিক ৫ পয়েন্ট। ইউরোজোনের অর্থনীতির চাকা গতিশীল হওয়ার খবরে ইউরোপের স্টক মার্কেটেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। যদিও এশিয়া এবং ইউএস মার্কেটে কিছুটা নিম্নগতি দেখা যাচ্ছে। মার্কিট বলছে, অর্থনৈতিক কার্যক্রমের সমষ্টি হচ্ছে সেবা খাতের পিএমআই। যা আগস্টে ৫১-তে দাঁড়িয়েছে। এটি গত ২৪ মাসের মধ্যে সর্বোচ্চ। গত জুলাই মাসে সেবা খাতের পিএমআই ছিল ৪৯ দশমিক ৮ পয়েন্ট। এদিকে শিল্প উত্পাদন খাতের পিএমআই-ও গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ ৫১ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে। যা জুলাইতে ছিল ৫০ দশমিক ৩ পয়েন্ট। ইউরোজোনের মধ্যে জার্মানির রফতানির পরিমাণ বাড়লেও ফ্রান্সের রফতানি জুলাইয়ের তুলনায় কমেছে। তবে মার্কিটের প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন মনে করেন, ফান্সের রফতানি কার্যক্রম বাড়ানো সম্ভব হলে তাদের প্রবৃদ্ধিও শক্তিশালী হবে। অন্যথায় চিন্তা থেকেই যাবে। তাছাড়া বেকারত্বের হার বেড়ে যাওয়ার প্রবণতাও হ্রাস করতে হবে। নইলে ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থায়ী নাও হতে পারে।
