একটি নয়, দুটি নয় একটি গাভী একসাথে তিনটি বাছুর জন্ম দিয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ নয়াহাটি গ্রামের হেলাল উদ্দিন মৃধার স্ত্রী মিনারা বেগমের গৃহপালিত দেশি গাভীটি গত মঙ্গলবার রাতে তিনটি দামরি বাছুর জন্ম দেয়। এ খবর এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়লে উত্সুক জনতার ভিড় জমে হেলাল মৃধার বাড়িতে।
জানা যায়, ১লা রমজানে আমিরগঞ্জ গ্রামের মিনারা বেগমের স্বামী হেলাল উদ্দিন ২৫ হাজার টাকায় একটি দেশি গাভী ক্রয় করেন। রমজান মাসে গাভীটি ৮ মাসের গর্ভাবস্থায় কিনে বাড়িতে আনার পর যত্ন সহকারে লালন পালন করেন গৃহিণী মিনারা বেগম। বসত ঘরের পাশেই একচালা একটি টিনের ঘর তৈরি করে নিয়মিত খেয়াল রাখেন তিনি। প্র্রসবকালীন সময় পর পর আনুমানিক আধঘণ্টা সময়ের মধ্যে ৩টি বাছুর জন্ম নেয়। বাছুর ৩টি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছে। তবে প্রসবের পর গাভীটি খানিকটা দুর্বল হয়ে পড়ে।
