দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত হয়েছে ১৭ জন। মনোহরগঞ্জে ১, রাজশাহীতে ১, সাভারে ১, মাদারীপুরে ২ জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মনোহরগঞ্জ (কুমিল্লা)
কুমিল্লার মনোহরগঞ্জে বাইশগাঁও ইউপির দূর্গাপুরে গত বুধবার গভীর রাতে একটি মালবাহী ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকজনের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে মনিরুল ইসলাম (৩০) লাশ উদ্ধার করে। নিহত মনির ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামের হিরণ মিয়ার ছেলে। দুর্ঘটনার পর ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এস আই সফিউদ্দিন এ ঘটনায় চালককে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা করেন।
রাজশাহী অফিস
পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে গত বুধবার সন্ধ্যায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রভা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবা থানা পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
কালকিনি (মাদারীপুর)
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনিতে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া (৫) নামের এক শিশু মারা গেছে। রাতে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। মোটর সাইকেলটি পালিয়ে যায়।
এদিকে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার কাজিবাকাই ইউনিয়নের খালনী ও পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে ও রেন্ট্রি তলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়। আহতদের কালকিনি ও বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শশিকর থেকে ভুরঘাটা আসা ইঞ্জিনচালিত টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বিষ্ণুপদ তালুকদার (৫০) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শুকুমার বালাকে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালুয়াঘাট (ময়মনসিংহ)
গতকাল শুক্রবার হালুয়াঘাট উপজেলার ধারা ধুরাইল সড়কের চাদশ্রীতে মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন চাদশ্রী গ্রামের আলী আজম খানের পুত্র মাহ্ফুজুর রহমান (২৫) ও ময়মনসিংহের পৌর শহরের বাদল দাসের পুত্র বিপ্লব দাস (৩০) এবং গুরুতর আহত হন চাদশ্রী গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আপেল মাহ্মুদ (২৮)। তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
