সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শামীম (৪৮) গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় আকস্মিক হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল দুপুর ২টার দিকে নিজ গ্রামের বাড়ি শায়েস্তাবাদে শামীম হূদরোগে আক্রান্ত হন। তাত্ক্ষণিক তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আড়াইটার দিকে তিনি মারা যান। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
শহীদুল ইসলাম শামীম শায়েস্তাবাদের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ হাওলাদারের পুত্র। ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে তিনি বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে পরিবহন সম্পাদক নির্বাচিত হন। শিক্ষা জীবন শেষে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনের সময় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
