আগামী ২০১৯-২০২০ অর্থবছরে দেশের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮ শতাংশ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে চলতি অর্থবছরে প্রথম ফিসক্যাল কো-অর্ডিনেশন কাউন্সিল এবং বাজেটের সম্পদ কমিটির সভায় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। তিনি মনে করেন চলতি অর্থবছরে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ শতাংশ ধরে রাখতে পারবে। দেশে বাম্পার ফলন হওয়ায় প্রবৃদ্ধি লক্ষ্য অনুযায়ী অর্জিত হবে।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সঞ্চয়পত্রের লাভের হার কমানো কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে নির্বাচনের পর জানুয়ারি মাসে সঞ্চয়পত্রের লাভের হার কমানো হতে পারে। তিনি বলেন, দেশের সঞ্চয়পত্রে সবার বিনিয়োগের যাচাই-বাছাই করা হচ্ছে। যাতে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ ভাবে সরকারের সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে না পারে।
