ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ভূরুঙ্গামারীতে চার মাস অতিবাহিত হলেও এখনো ভিজিডির চাল পায়নি ৬ ইউনিয়নের ২৪১০ উপকারভোগী। উপজেলায় দুস্থ মহিলা উন্নয়ন (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট-ভিজিডি) কর্মসূচির আওতায় উপজেলার ১০ ইউনিয়নের মোট ৩৫৬১ জন উপকারভোগীর তালিকা করা হয়েছে। ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ চক্রের ভিজিডি উপকারভোগীদের মাসিক খাদ্য সহায়তা হিসাবে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়ার কথা। প্রত্যেক মাসের ১৫ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে এসকল চাল বিতরণ করার বিধান থাকলেও চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়নে কোনো চাল বিতরণ করা হয়নি।
তিলাই ইউপি চেয়ারম্যান শাহীন শিকদার জানান, চাল উত্তোলন করে গুদামে রাখা হয়েছে। কিন্তু মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে চূড়ান্ত তালিকার অনুমোদন না পাওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা জানান, জাতীয় ও উপজেলা নির্বাচনের জন্য ইসির একটি নির্দেশনার কারণে তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি। এছাড়া ইউপি চেয়ারম্যানরা বিলম্বে তালিকা দেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান, এপর্যন্ত কয়টি ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে, তা খোঁজ নিয়ে জানাতে হবে।
