মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা শুক্রবার ‘শহীদ দিবস’ ঘোষণা করে রাজধানী কায়রোসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করেছে। প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর তার সমর্থকরা প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে। এর বিপরীতে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার ব্যাপক হত্যাযজ্ঞ ও দমন-পীড়ন চালাচ্ছে। এ ছাড়া, মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার কর্মী, সমর্থক ও নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে নতুন রক্তপাতের আশঙ্কা ছিল সব মহলে। গত কয়েকদিনের সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে মুরসি সমর্থক ব্রাদারহুডের বহুসংখ্যক সদস্য নিহত হন। এছাড়া ইসলামপন্থী গোষ্ঠীটির প্রায় সব শীর্ষ নেতাদের আটক করা হয়। এরপরও নিজেদের সাংগঠনিক সামর্থ্য তুলে ধরতেই ব্রাদারহুড এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
