ভারতের লোকসভায় অন্ধ্র প্রদেশের ১২ সংসদ সদস্যকে সাসপেন্ড করেছে লোকসভা। এই সব সদস্যরা পার্লামেন্টে তেলেঙ্গানাকে আলাদা রাষ্ট্র করার ইস্যুতে দীঘদিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন এমন অভিযোগে।
লোকসভায় তেলেঙ্গানা ইস্যুতে এমপিদের সাসপেন্ড করার এটি দ্বিতীয় ঘটনা। এক বছর আগে আটজন সদস্যকে একই কারণে সাসপেন্ড করা হয়েছিল। খবর পিটিআইয়ের।
সূত্র জানায়, সাসপেন্ড হওয়া এমপিদের ৮জন কংগ্রেসের এবং চারজন টিডিপির। গত ৫ আগস্ট লোকসভার অধিবেশন শুরুর পর এই কয়েকজন সদস্য একদিনও শান্তিপূর্ণভাবে অভিবেশন অনুষ্ঠিত হতে দেননি বলে অভিযোগ করেন লোকসভার স্পিকার।
এমনকি এদের কারনে সরকারের খাদ্য নিরাপত্তা বিলসহ বিভিন্ন বিল আনতে সমস্যা হচ্ছিল। বৃহস্পতিবার বিরোধী দল বিজেপির বাধার কারণে তাদের বরখাস্তের চেষ্টা একবার ভন্ডুল হয়।
