পশ্চিমবঙ্গে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২২:৫৪
ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে পশ্চিমবঙ্গের একটি মানবাধিকার সংগঠনের দায়ের করা এক অভিযোগে বলা হয়েছে, গতমাসে বিএসএফের একজন সদস্য বাংলাদেশি এক নারীকে ধর্ষণ করেছেন। অবৈধভাবে ভারতে আসার পর স্বামীর সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টাকালে বিএসএফের এক রক্ষী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন ‘মাসুম’ ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠার পরে ঘটনাটির বিস্তারিত তদন্ত করে। তারা বলছে, তদন্তে দেখা গেছে ১১ জুলাই বেলা এগারোটার দিকে উত্তর চব্বিশ পরগণার আঙরাইল সীমান্ত চৌকির কাছে বিএসএফের এক সদস্য ওই বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি মহিলার ছয় বছরের শিশুপুত্রের সামনেই ঘটেছে। এ অভিযোগ ওঠার পর অভিযুক্ত বিএসএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। মাসুমের অভিযোগ, ধর্ষিতা ওই মহিলার ডাক্তারি পরীক্ষা হয়নি, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে তিনি বক্তব্য রেকর্ড করিয়েছেন। বাংলাদেশি ওই মহিলাকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে জেলে পাঠানো হয়, যেটা আইন-বিরুদ্ধ বলে দাবি মাসুমের। অন্যদিকে ত্রিপুরা রাজ্যে বিএসএফের তিন রক্ষীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার একটি ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন বাহিনীর নিজস্ব তদন্ত ব্যবস্থাকে কটাক্ষ করেছে। কমিশন বলেছে, বিএসএফের একটি আদালত অভিযুক্তদের নির্দোষ বলে রায় দিয়ে তাঁদের বাঁচানোর চেষ্টা করেছিল ।