যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর, রূপদিয়া, চুড়ামনকাটি ও শার্শা উপজেলার নাভারণ গ্রামে গত চার দিনে অন্তত ১২০ জন নারী, শিশু ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চার দিনে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকাল পর্যন্ত নতুন করে কেউ ডায়রিয়ায় আক্রান্ত হননি। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত চিকিত্সা সেবা প্রদান করা হচ্ছে।
জানা গেছে, আক্রান্তদের বেশিরভাগ (১১৫ জন) রুদ্রপুর ও রূপদিয়া গ্রামের বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই দুই গ্রামে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে চিকিত্সা সেবা প্রদান করা হচ্ছে। বাকিরা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। গুরুতর আক্রান্ত ১০ জন রোগীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তারা সুস্থ হয়ে উঠেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানি পান করার কারণে ডায়রিয়া আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
