সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ মে ২০১৯, ২২:০৩

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ঘোড়াঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুুর রাফে খন্দকার সাহানশা, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র বর্মন প্রমুখ।

ভোলায় কালেক্টর স্কুল উদ্বোধন

ভোলা প্রতিনিধি ভোলা জেলা প্রশাসন প্রতিষ্ঠিত ভোলা কালেক্টর স্কুলের উদ্বোধন হয়েছে বুধবার। ভোলা ইলিশা বাসস্ট্যান্ড সংলগ্ন ভোলা কালেক্টর স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

চান্দিনায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা চান্দিনায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়নে ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাঈন উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকারিয়া প্রমুখ।

ঝিনাইগাতীতে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ঝিনাইগাতীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছাইরুদ্দিন (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ছাইরুদ্দিন উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর ধানশাইল গ্রামের মৃত কালু শেখের ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ছাইরুদ্দিনের ঘরের টিনের চালের উপর পড়া বিদ্যুতের তার সরানোর  সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হয়। প্রথমে তাকে ঝিনাইগাতী ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে চিকিত্সক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে রাতে ছাইরুদ্দিনের মৃত্যু হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কনবিতে এমডিএস কোর্সে ভর্তি আবেদন ১০ জুলাই পর্যন্ত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট এবং গভার্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের উপর মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্স-২০১৯ সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে। এমডিএস কোহেআ প্রোগ্রাম ডিরেক্টর লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি জানান, এমডিএস কোর্সে-২০১৯ সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন ১০ মে থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। ময়মনসিংহ শহরে শুক্রবার এবং শনিবার এমডিএস কোর্সের ক্লাস নেওয়া হবে। ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে সংগ্রহ করা যাবে।

কাঠালিয়ায় প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ উপলক্ষে এক সভা বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। সভা শেষে প্রধান অতিথি ১১৬টি সাউন্ড সিস্টেম ও ৭০টি মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন।

কৃষক-কৃষানি প্রশিক্ষণ

কেশবপুর (যশোর) সংবাদদাতা কেশবপুরে কৃষিতে উন্নত প্রযুক্তির উপর কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বুধবার। কেশবপুর উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইসাকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান।

দরিদ্র জনগণের অধিকার নিয়ে উন্নয়ন সভা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণের লক্ষ্যে বুধবার স্থানীয় প্রশাসনের সাথে জনগণের আন্তঃসম্পর্ক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো এনজিওর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।

আগৈলঝাড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় বিক্রির সময় ইয়াবাসহ এক ব্যবসায়ীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. সজীব ভাট্টি চাঁদত্রিশিরা গ্রামের মো. নজরুল ইসলাম ভাট্টির ছেলে।  এ ঘটনায় এসআই তৈয়ব আলী বাদী হয়ে বুধবার সকালে মামলা করেছেন। সজীবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা  ঘোড়াঘাট থানা পুলিশ মঙ্গলবার রাতে মাদক সেবন করে উপদ্রব করার অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আটককৃতরা হলো— উপজেলার চাটশাল গ্রামের সুলতান আলী ও শরিফুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৫ দিনের জেল প্রদান করেন।

 

 

০