আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০১৩, ২৩:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, বর্তমান সংকট নিরসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এসেছে। শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে তার নিজ কার্যালয়ে এখনও অবরোধ করে রেখেছেন। গতকাল শুক্রবার টানা তৃতীয় দিনের মতো তার কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় কাটান ভিসি। অফিসেই খাওয়া-দাওয়া ও বিশ্রাম নিয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিত্সকরা। সকাল সাড়ে দশটার দিকে তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, আমি নির্বাচিত ভিসি। তাই পরবর্তীতে নির্বাচিত ভিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেই যাব। আর শিক্ষকদের আন্দোলনের নৈতিক ও যৌক্তিক কোন ভিত্তি নেই। বিকেলে আন্দোলনকারী শিক্ষকরা এক সংবাদ সম্মেলন করে জানান, ভিসি পদত্যাগ করলেই তারা অবরোধ তুলে নেবেন। তারা বলেন, আমাদের আন্দোলনের যৌক্তিকতা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান পরিস্থিতির সমাধান না হলে আজ শনিবার থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও কর্মচারী সমিতি। ফলে পদত্যাগ ইস্যু নিয়ে ক্রমান্বয়ে অনিশ্চয়তার দিকে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি।