ভারত ও বাংলাদেশি আইটি কোম্পানির যৌথ উদ্যোগ

আপডেট : ২৪ আগস্ট ২০১৩, ১৯:২৮
গতকাল রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘আইসিটি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ :অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক বাংলাদেশ ও ভারতের আইটি কোম্পানির মধ্যে বিটুবি ম্যাচমেকিং বৈঠক ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান এবং সিরড্যাপের মহাপরিচালক ড. সিসেপ এফেন্দি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর। এই আয়োজনে ভারতের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ৩০টিরও বেশি আইটি কোম্পানির সাথে ৬০টিরও বেশি বিটুবি মিটিংয়ে অংশ নিচ্ছে। আইটি খাতে উন্নয়নে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা বলেন।