আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর লন্ডনের গ্লুচেস্টার মিলেনিয়াম হোটেলে অনুষ্ঠিত হবে ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা ২০১৩’। এ উপলক্ষে সম্প্রতি লন্ডনের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী, ট্রেড কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের কমার্শিয়াল কাউন্সেলর শরিফা খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এবং কমপিউটার জগতের কারিগরি সম্পাদক মো. আবদুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন। মেলায় বক্তারা জানান, বাংলাদেশের ই-বাণিজ্য সেক্টরকে বিদেশে তুলে ধরা এবং দেশের ই-বাণিজ্যের প্রসারের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ হাই-কমিশন লন্ডন এবং কমপিউটার জগত্ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। তিনদিন ব্যাপী এই মেলায় ৪০টিরও বেশি ই-বাণিজ্য প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা দর্শনার্থীদের সামনে তুলে ধরবে। প্রদর্শনীর পাশাপাশি মেলাতে বাংলাদেশের ই-বাণিজ্য নিয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
